ক্যাম্পাস
কুবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সায়েম-রায়হান

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিতার্কিক সংগঠন ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল সায়েম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান।
মঙ্গলবার (৫ মে) সদ্য সাবেক সভাপতি সীমান্ত মিয়া ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান ফাহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান টিপু, সাদিয়া জাহান প্রোমি, এহসানুল হক ও ট্রপা বড়ুয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তামান্না আক্তার।
সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মো. রায়হান বলেন, “ডিবেটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি এই দায়িত্বকে শুধু পদ নয়, বরং একটি বড় দায়িত্ব হিসেবে দেখি। ডিবেটের মাধ্যমে যুক্তি, বিশ্লেষণ ও সচেতনতা বৃদ্ধি করা আমার প্রধান লক্ষ্য। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি প্রাণবন্ত বিতর্ক সংস্কৃতি গড়ে তুলতে চাই। আশা করি, সবার সহযোগিতায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং সোসাইটি আরও এগিয়ে যাবে।”
সদ্য মনোনীত সভাপতি আবদুল্লাহ আল সায়েম বলেন, “নেতৃত্ব কোনো ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি দায়বদ্ধতা। বিতর্ক আমাদের দিয়েছে কথা বলার ভাষা, আর ফিন্যান্স শিখিয়েছে চিন্তার গভীরতা। এই দুইয়ের সমন্বয়ে এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি বিতর্ক নতুন ধারণার জন্ম দেবে। যুক্তি ও সাহসের সমন্বয়ে আমরা নতুন কিছু সৃষ্টি করতে চাই। আমার টিমের প্রতিটি সদস্যই আমার শক্তি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা মেধার উৎকর্ষে নতুন উচ্চতা স্পর্শ করব।”






