ক্যাম্পাস
র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর নির্দেশনা রাবি প্রশাসনের

র্যাগিং একটি সামাজিক অপরাধ উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ায় নতুন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান এ সতর্কবার্তা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাগিংয়ের ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় এবং এর শিকার শিক্ষার্থীরা মারাত্মক মানসিক বিপর্যয়ের মুখে পড়ে। এ কারণে ক্যাম্পাসের কোথাও কোনো ধরনের র্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, কেউ র্যাগিং করলে বা কাউকে র্যাগিং করতে প্ররোচিত করলে, প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির পূর্বানুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিভাগ ও ইনস্টিটিউটের নোটিশ বোর্ড, অফিস এবং ওরিয়েন্টেশন ক্লাসে প্রচারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ (২০২৫–২০২৬ শিক্ষাবর্ষ) স্নাতক শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।






