ক্যাম্পাস

শিক্ষার গুণগত মান পরিবর্তনে ওবিই’র বিকল্প নেই - ড. মোহাম্মদ মোশাররফ হোসেন

চবি প্রতিনিধি

শেয়ারঃ

শিক্ষার গুণগত মান পরিবর্তনে ওবিই’র বিকল্প নেই - ড. মোহাম্মদ মোশাররফ হোসেন - খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ‘আউটকাম বেজড এডুকেশন’ (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনষ্ঠানে অনুষ্ঠানের সভাপতি ও প্রশিক্ষক হিসেবে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, শিক্ষার গুণগত মান পরিবর্তনে ওবিই’র বিকল্প নেই।


বুধবার (৬ মে ২০২৬) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ওবিই কারিকুলামে পাঠদান শুরু হয়েছে, যা উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ওবিই পদ্ধতি সফলভাবে বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।


উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, গত ছয় মাসের প্রস্তুতি ও পরিশ্রমের ফল হিসেবে আজ ওবিই বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় আরও এক ধাপ এগিয়েছে। তিনি শিক্ষকদের কারিকুলামের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পাঠদান, মূল্যায়ন ও ফলাফল প্রকাশের আহ্বান জানান।


উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন বলেন, ওবিই পদ্ধতিতে পাঠদান শুরু করতে পারা বিশ্ববিদ্যালয়ের একটি বড় অর্জন এবং এর মূল কারিগর শিক্ষক সমাজ।


অনুষ্ঠানের সভাপতি ও প্রশিক্ষক হিসেবে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ওবিই কারিকুলামের কোনো বিকল্প নেই। আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও সক্ষম গ্র্যাজুয়েট তৈরিতে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতিতে এই পরিবর্তন অত্যন্ত প্রয়োজনীয়।


অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহাদাত হোছাইন।


সেমিনারে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের কোর্স পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কলা ও মানববিদ্যা, ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, আইন ও শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ওবিই কারিকুলামের আলোকে কোর্স শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, শিখন-শেখানো পদ্ধতি, মূল্যায়ন কাঠামো, একাডেমিক ক্যালেন্ডার, প্রথম সেমিস্টারের টাইমলাইন এবং জিআরআর সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


সম্পর্কিত খবর