ক্যাম্পাস
জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শহীদের পিতাকে হুমকির অভিযোগ, বিচারের লিখিত দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক গেট সংলগ্ন মামা প্লাজায় জুলাই অভ্যুত্থানে শহীদ আলিফ আহাম্মদ সিয়ামের পিতা মো. বুলবুল কবীরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসেলিম রেজার বিরুদ্ধে।
এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. বুলবুল কবীর।
মঙ্গলবার (৬ মে) বিকেলে বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে লিখিত অভিযোগ দেন তিনি।
অভিযুক্ত সেলিম রেজা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। ক্যাম্পাসে বর্তমানে চলছে ৫৪তম ব্যাচ।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ৩ মে (রবিবার) বিকেলে সেলিম রেজা মামা প্লাজায় গিয়ে জাবি ছাত্রদলের সাবেক সেক্রেটারি পরিচয়ে দোকান বসানোর চেষ্টা করেন। এসময় তিনি বুলবুল কবীরসহ অন্য দোকানদারদের ওপর চড়াও হন এবং গালিগালাজ করেন।
একপর্যায়ে তিনি শহীদ সিয়াম আহমেদ আলিফকে নিয়েও বিদ্রূপাত্মক মন্তব্য করেন এবং আলিফের বাবাকে ইসলামনগরে নিয়ে গিয়ে প্রাণ নাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী বুলবুল কবীর বলেন, আমি দীর্ঘ সাত বছর ধরে এখানে ব্যবসা করছি। কিন্তু একজন ছাত্রনেতা যেভাবে আমার শহীদ ছেলেকে নিয়ে উপহাস করেছেন এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন, তাতে আমি এবং আমার সহকর্মীরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে এর সর্বোচ্চ বিচার চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, অভিযোগ পত্রটি পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে নিয়মানুযায়ী বেবস্থা গ্রহণ করবে।
এঘটনায় জাতীয় ছাত্রশক্তির জাবি শাখা থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আলিফকে নিয়ে অবমাননাকর মন্তব্য, তাঁর পিতাকে প্রাণনাশের হুমকি এবং দোকান দখলের অপচেষ্টার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছে।
অপরদিকে গতকাল অভিযুক্ত শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা তার বিরুদ্ধে ওঠা দোকান দখল, চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি এসব ঘটনা ভুল বোঝাবুঝির সৃষ্টি বলে দাবি করেন এবং তার নামে অপপ্রচার বলে উল্লেখ করে সংবাদ সম্মেলন করেন।




