ক্যাম্পাস

কুয়েটে ইসলামিক ক্লাব ‘আল ইত্তিহাদ: ইসলামিক প্ল্যাটফর্ম অব কুয়েট’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

কুয়েটে ইসলামিক ক্লাব ‘আল ইত্তিহাদ: ইসলামিক প্ল্যাটফর্ম অব কুয়েট’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ইসলামিক ক্লাব “আল ইত্তিহাদ: ইসলামিক প্ল্যাটফর্ম অব কুয়েট”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের ২০১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক, আলেম-উলামা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।


বিকেল ৫টা ৪৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নাশিদ পরিবেশন করা হয়। প্রথম আলোচনায় শহীদ স্মৃতি হলের ইমাম হুজাইফা “দ্বীনি পরিবেশের গুরুত্ব” বিষয়ে বক্তব্য দেন। আলোচনা শেষে নামাজের জন্য বিরতি দেওয়া হয়।


বিরতির পর সন্ধ্যা ৭টায় পুনরায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অমর একুশে হলের ইমাম মুফতি কাজী আব্দুর রহমান “ইসলামী সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্ব” বিষয়ে আলোচনা করেন। পরে নাশিদ পরিবেশনের পর খান জাহান আলী হলের ইমাম শফিকুল ইসলাম “একজন ছাত্রের দৈনন্দিন রুটিন কীভাবে প্রোডাক্টিভ করা যায়” শীর্ষক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।


প্রতিটি আলোচনার পর তাৎক্ষণিক কুইজের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখা যায়।


পরবর্তীতে কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের রহমান ক্লাবটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


এরপর ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ হাসান আলী বক্তব্যে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি পুনরায় “সিরাহ কনফারেন্স” আয়োজনের উদ্যোগ নেওয়ার কথাও জানান।


অনুষ্ঠানে ২৩ ব্যাচের এক শিক্ষার্থী সংক্ষিপ্তভাবে দ্বীনি বিষয়ে বক্তব্য দেন। শেষে কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আমন্ত্রিত আলেম-উলামা ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।


সবশেষে ক্লাবটির মডারেটর সহকারী অধ্যাপক মুহাম্মাদ আজমত উল্লাহ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


সম্পর্কিত খবর