ক্যাম্পাস
রুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ৯ মে, অনুষদভিত্তিক সময়সূচি প্রকাশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ ভর্তি প্রক্রিয়া শেষে নবীন শিক্ষার্থীদের জন্য আগামী ৯ মে নবীনবরণ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর পরদিন ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৯ মে শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষদভিত্তিকভাবে নবীনবরণ অনুষ্ঠিত হবে। পুরকৌশল অনুষদের ওরিয়েন্টেশন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত এবং যন্ত্রকৌশল অনুষদের ওরিয়েন্টেশন সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরবর্তীতে মেধাতালিকা অনুযায়ী বিষয় নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থীরা রুয়েটের ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩৫টি আসনে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হবে। দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনদের পদচারণায় ক্যাম্পাসে নতুন প্রাণের সঞ্চার হবে এবং সুশৃঙ্খল ও ইতিবাচক পরিবেশে তাদের প্রকৌশল শিক্ষাজীবনের দৃঢ় ভিত্তি গড়ে উঠবে।





