ক্যাম্পাস
জাবিতে শাখা ছাত্রদলের উদ্যোগে বাস ট্র্যাকিং সিস্টেম উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন সড়কে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সংগঠনটির সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এ প্রযুক্তি চালু করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। এছাড়া বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কিত নোটিফিকেশনও পাওয়া যাবে। এতে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এ প্রযুক্তি চালু করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। পাশাপাশি বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কেও নোটিফিকেশন পাওয়া যাবে। এর ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আমরা আশা করছি।’
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মূলত এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলেও শিক্ষার্থীদের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’






