ক্যাম্পাস
জাবির সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক খোরশেদ আলম এই আবেদন করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন তথ্যটি নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়, 'ফারজানা ইসলামের বিরুদ্ধে স্বামী-পুত্র ও তৃতীয় হাতের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট ক্রয় এবং বিপুল পরিমাণ অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি গোপন করার সম্ভাবনা রয়েছে।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ও তার স্বামী আকতারের মূল আয়কর স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদির সত্যায়িত অনুলিপি ও প্রয়োজনে জব্দকরণের লক্ষ্যে আদালতের যথাযথ আদেশ একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।'
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি ফারজানা, তার স্বামী আকতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।





