ক্যাম্পাস
দোকান দখলে অভিযুক্ত
সেই জাবি ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় কারণ দর্শানোর নোটিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকায় দোকান দখল চেষ্টায় অভিযুক্ত শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
বৃহস্পতিবার (৭ মে) কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ দেয় সাংগঠনটি।
এদের মধ্যে রয়েছেন দোকান দখলে অভিযুক্ত শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজাসহ তার দুই অনুসারী। তারা হলেন আহ্বায়ক সদস্য মো. জাহিদ হাসান এবং মো. এস এম তানিম হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে জোরপূর্বক দোকান বসানোর চেষ্টাকালে জুলাই শহীদ সিয়ামের পিতা বুলবুল কবীরকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল নেতা সেলিম রেজার বিরুদ্ধে। এর বিচার চেয়ে গত ৫ মে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বুলবুল কবীর।




