ক্যাম্পাস

বেরোবির হল ডাইনিংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেতে বাধ্য শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি

শেয়ারঃ

বেরোবির হল ডাইনিংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেতে বাধ্য শিক্ষার্থীরা- খবরের থাম্বনেইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ে দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের।


সরেজমিনে দেখা গেছে, ডাইনিংয়ের টেবিলগুলোতে খাবারের দাগ জমে রয়েছে এবং রেক্সিন স্যাঁতসেঁতে হয়ে আছে। অনেক টেবিল দীর্ঘসময় পরিষ্কার করা হয় না। মেঝেও অপরিষ্কার অবস্থায় পড়ে থাকে। এছাড়া ডাইনিংয়ের চারপাশের জানালাগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে।


শিক্ষার্থীরা জানান, হলের ডাইনিংয়ের চেয়ার-টেবিল হল প্রতিষ্ঠার পর থেকে আর পরিবর্তন করা হয়নি। টেবিলের ওপরের রেক্সিনও দীর্ঘদিন ধরে বদলানো হয়নি। মাঝে মাঝে রেক্সিনের ওপর পানি জমে থাকে, যার কারণে সেখানে প্লেট রেখে স্বাভাবিকভাবে খাওয়া যায় না। এতে খাওয়ার রুচিও নষ্ট হয়।


শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, “ডাইনিংয়ের পরিবেশের আরও উন্নতি প্রয়োজন। টেবিলগুলো অত্যন্ত নোংরা হয়ে পড়ে আছে। ট্যাপের অবস্থাও খারাপ। কিছু ট্যাপ নষ্ট হয়ে পড়ে আছে, আর ট্যাপের আশপাশও অপরিচ্ছন্ন। মাঝেমধ্যে সাবানও পাওয়া যায় না। বেশ কয়েকটি চেয়ার নড়বড়ে অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হলো, এগুলো কি হল কর্তৃপক্ষের নজরে আসে না? খাবারের গুণগত মানও আরও বাড়ানো প্রয়োজন। নিয়মিত একই ধরনের সবজি দেওয়া হচ্ছে, এতে স্বাস্থ্যগত চাহিদা পূরণ হচ্ছে না। আমরা চাই না ভবিষ্যতে ডাইনিং নিয়ে অভিযোগ করতে হোক। সুষ্ঠু তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এসব সমস্যার সমাধান সম্ভব।”


আরেক আবাসিক শিক্ষার্থী মো. শামিম হোসেন বলেন, “একজন খাওয়ার পর সেই প্লেট ভালোভাবে পরিষ্কার করা হয় না। একটি বড় গামলার পানিতে প্লেট ডুবিয়ে শুধু ময়লা ফেলে আবার সেটিতেই অন্যজনকে খাবার দেওয়া হয়। প্লেটগুলো ঠিকভাবে ধোয়া হয় না। বেসিনও অনেক সময় নোংরা থাকে। ঠিকমতো পরিষ্কার করা হয় না, তারপরও সেখানেই হাত ধুতে হয়। হাত মুছার জন্য যে কাপড় রাখা থাকে, সেটিও পরিষ্কার থাকে না।”


এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বলেন, “গত বছরের নভেম্বরেই প্রশাসনকে চিঠি দিয়েছি, কিন্তু এখনো কোনো কাজ হয়নি। গত সপ্তাহেও আবার চিঠি দিয়েছি, যাতে বাজেট দেওয়া হয়। বাজেট না পেলে আমরা কাজ করব কীভাবে?”


সম্পর্কিত খবর