জাতীয়
অভিবাসী অধিকার সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের (IMRF) সাধারণ বিতর্কে অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি জানান, বাংলাদেশ ‘হোল-অফ-গভর্নমেন্ট’ ও ‘হোল-অফ-সোসাইটি’ পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে কাজ করছে। একই সঙ্গে অভিবাসী শ্রমিকদের ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক উদ্যোগ ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (GCM)’ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ‘মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্স’ গঠন করেছে। পাশাপাশি ২০২৬–২০৩০ মেয়াদের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, প্রথম IMRF-এ দেওয়া বাংলাদেশের ১০টি অঙ্গীকারের মধ্যে সাতটি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। নতুন করে আরও ছয়টি অঙ্গীকার উপস্থাপন করা হয়েছে এবং দুটি আঞ্চলিক উদ্যোগে বাংলাদেশ অংশ নিয়েছে।
জলবায়ু পরিবর্তনকে অভিবাসনের একটি ক্রমবর্ধমান কারণ হিসেবে উল্লেখ করে মন্ত্রী ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন ও কারিগরি সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।
তিনি বলেন, নিরাপদ অভিবাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।







