ক্যাম্পাস

রুয়েটে অনুষ্ঠিত হলো ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’-এর প্রোগ্রামিং সেগমেন্ট

রুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

রুয়েটে অনুষ্ঠিত হলো ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’-এর প্রোগ্রামিং সেগমেন্ট- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অনুষ্ঠিত হয়েছে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’-এর প্রোগ্রামিং সেগমেন্ট। বৃহস্পতিবার (৮ মে) ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’-এর আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


কার্নিভালের তিনটি সেগমেন্টের মধ্যে রোবোটিক্স পর্ব ইতোমধ্যে গত ১৭ এপ্রিল সম্পন্ন হয়েছে। এবারের প্রোগ্রামিং সেগমেন্টে ছিল স্ক্র্যাচ প্রোগ্রামিং (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) এবং সি/পাইথনভিত্তিক প্রবলেম সলভিং (পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি) প্রতিযোগিতা।


রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুইটি সেগমেন্ট মিলিয়ে ৬০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের জন্য নির্ধারিত ছিল এক ঘণ্টার মধ্যে পাঁচটি প্রোগ্রামিং সমস্যা সমাধানের চ্যালেঞ্জ।


প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম তুষার। তিনি বলেন, আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে প্রোগ্রামিং প্রতিযোগিতার সঙ্গে পরিচিত হতো, কিন্তু এখন স্কুল জীবন থেকেই তারা কোডিং ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে—যা অত্যন্ত আশাব্যঞ্জক।


তিনি আরও জানান, অংশগ্রহণকারীদের মধ্যে এমন কেউ ছিল না, যে অন্তত একটি সমস্যাও সমাধান করতে ব্যর্থ হয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা উচিত বলেও মত দেন তিনি।


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক সুস্মিত জাহান বলেন, পঞ্চম শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা আগামী প্রজন্মের জন্য অপরিহার্য হয়ে উঠছে। তাই ছোটবেলা থেকেই কোডিং শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা শাহিদা আফরিন জানান, প্রতিষ্ঠানটি গত ছয় বছর ধরে স্কুল পর্যায়ে STEM শিক্ষা বিস্তারে কাজ করছে। উন্নত বিশ্বে STEM শিক্ষা মূল পাঠ্যক্রমের অংশ হলেও বাংলাদেশে এটি এখনো প্রধানত সহশিক্ষা কার্যক্রম হিসেবে সীমাবদ্ধ। শিক্ষার্থীদের প্রকৌশলভিত্তিক শিক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত করতেই রুয়েটে এ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।


দিনব্যাপী প্রতিযোগিতা শেষে রুয়েটের সিএসই সেমিনার কক্ষে ক্লোজিং সেরিমনি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহীদুজ্জামান এবং আইসিটি বিভাগের EDGE প্রকল্পের একজন কনসালট্যান্ট। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আয়োজকরা জানান, এ প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ দলগুলো নেপালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। উল্লেখ্য, এ আয়োজনে অর্গানাইজিং পার্টনার হিসেবে ছিল American Corner Rajshahi এবং Career Guidelines & Alumni Placement Center। ক্লাব পার্টনার হিসেবে সহযোগিতা করে রুয়েট কম্পিউটিং সোসাইটি।


সম্পর্কিত খবর