ক্যাম্পাস
জবির গ্যারেজ থেকে শিক্ষার্থীর সাইকেল চুরি, থানায় অভিযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের বেসমেন্ট গ্যারেজ থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহাব বিশ্বাস গত ৪ মে রাতে তাঁর ব্যবহৃত 'Falcon Thunderbird 27.5' মডেলের সাইকেলটি শহীদ সাজিদ ভবনের বেসমেন্ট গ্যারেজে রেখে বাসায় চলে যান। সাইকেলটির আনুমানিক মূল্য ১৭ হাজার ৫০০ টাকা।
পরে ৬ মে দুপুরে গ্যারেজে এসে তিনি সাইকেলটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ওই দিন দুপুর ১টার দিকে ক্যাপ পরিহিত এক ব্যক্তি গ্যারেজে প্রবেশ করে তালা ভেঙে সাইকেলটি নিয়ে যান।
এ ঘটনায় কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা একজনকে আসামি করে লিখিত অভিযোেগ করেছেন সোহাব বিশ্বাস। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভুক্তভোগী শিক্ষাথী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী সোহাব বিশ্বাস। তিনি বলেন, "গত ৬ মে দুপুরে শহীদ সাজিদ ভবনের বেইসমেন্ট গ্যারেজ থেকে আমার সাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজে চোরের মুখ ও পুরো ঘটনাটি স্পষ্ট দেখা গেছে। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে দ্রুত এ ঘটনার সঠিক বিচার করে সুরাহা করা হোক।"
কোতোয়ালি থানার এসআই আব্দুর রহমান বলেন, “স্থানীয়ভাবে আগে যেসব চোরকে আমরা ধরেছি বা সাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত যেসব আসামির পরিচয় আছে, তাদের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করি। জানতে চেষ্টা করি—‘এটা কার দ্বারা হতে পারে?’ বা ‘এই এলাকায় এ ধরনের কাজ কারা করে?’ এটাকেই আমরা ম্যানুয়াল প্রসেস বা লোকাল সোর্স বলি। আমরা সঙ্গে সঙ্গেই এসব সোর্স কাজে লাগিয়েছি। কাজ চলমান আছে। কোনো আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদের জানাব। আমরা একটি ভালো ফলাফলের চেষ্টা করছি। তবে আমাদের একটু সময় দিতে হবে।”



