ক্যাম্পাস
জকসুর উদ্যোগে ফ্রি বেসিক কম্পিউটার কোর্স চালু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে এবং স্কিল সেবার সহযোগিতায় ফ্রি বেসিক কম্পিউটার কোর্স চালু হতে যাচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৫ মে থেকে কোর্সটির ক্লাস শুরু হবে। এতে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, সিভি তৈরি, পিডিএফ ও গুগল ফর্ম তৈরি এবং কম্পিউটারের মৌলিক ধারণা প্রদান করা হবে।
কোর্সটি অনলাইনে চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে, যার মোট সময়সীমা ১০ ঘণ্টা। অংশগ্রহণকারীরা লাইভ ও রেকর্ডেড—উভয় ধরনের ক্লাস করার সুযোগ পাবেন। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, বিনামূল্যে প্রয়োজনীয় শিট এবং নিবন্ধনকারী প্রথম ৫০ জন পাবেন ফ্রি ক্যানভা প্রিমিয়াম সুবিধা।
এ বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “নির্বাচনের সময় আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার যে ইশতেহার দিয়েছিলাম, তার ধারাবাহিকতায় বিভিন্ন দক্ষতাভিত্তিক কোর্স চালু করেছি। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সফট স্কিল ও হার্ড স্কিল—এই দুই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে হার্ড স্কিলের কার্যক্রম চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা ইউনিসেফের সঙ্গে চুক্তি করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও ৮ থেকে ১০টি নতুন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া আরও একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দক্ষতামূলক কোর্সের আয়োজন করা হবে। আমরা নামমাত্র কোর্স ফি নিয়ে, কিংবা অনেক সময় সম্পূর্ণ বিনামূল্যে, শিক্ষার্থীদের জন্য এসব দক্ষতামূলক কোর্সের সুযোগ করে দিচ্ছি। যাতে একজন শিক্ষার্থী কর্পোরেট জগতে প্রবেশের জন্য প্রয়োজনীয় মৌলিক দক্ষতা অর্জন করতে পারেন। এরই ধারাবাহিকতায় ফ্রি বেসিক কম্পিউটার কোর্স চালু করা হয়েছে।”
কোর্সটির আয়োজক এবং জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান বলেন, “বর্তমান সময়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি কম্পিউটার স্কিল একটি অপরিহার্য দক্ষতা। এই বাস্তবতাকে সামনে রেখেই আমরা ফ্রি বেসিক কম্পিউটার কোর্সের আয়োজন করেছি। ১০ ঘণ্টাব্যাপী এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাইক্রোসফট অফিসের বিভিন্ন কাজ, সিভি তৈরি এবং প্রয়োজনীয় ডিজিটাল স্কিল সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


