ক্যাম্পাস

বেরোবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ঘিরে উত্তেজনা

বেরোবি প্রতিনিধি

শেয়ারঃ

বেরোবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ঘিরে উত্তেজনা- খবরের থাম্বনেইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


শুক্রবার (৮ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।


এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফির বিরুদ্ধে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়ামের কলার ধরে হেনস্তার অভিযোগ ওঠে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রিফাত রাফি।


সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হাফিজুর রহমান সিয়াম বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উপস্থিত হয়ে তাদের অভিযোগ শোনেন। একপর্যায়ে তাকে লক্ষ্য করে হেনস্তা করা হয় এবং কলার ধরা হয় বলে তিনি অভিযোগ করেন।


তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের উপস্থিতিতে দিনের আলোয় যদি একজন শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়, তাহলে ক্যাম্পাসে নিরাপত্তা কোথায়? আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।”


অন্যদিকে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পাল্টা সংবাদ সম্মেলনের ডাক দেওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী ইসমাইল ইসলাম বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করার প্রতিবাদে তারা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। তবে সেখানে স্বাভাবিক পরিবেশ পাননি বলে তিনি অভিযোগ করেন।


তিনি বলেন, “সংবাদ সম্মেলনের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা মব আমরা ক্যাম্পাসে হতে দেব না। ক্যাম্পাসে উপাচার্য থাকবেন কি থাকবেন না, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। যিনি দায়িত্বে থাকবেন, তিনি যেন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেন—এটাই আমাদের প্রত্যাশা।”


তিনি আরও বলেন, যারা আজ উপাচার্যের পদত্যাগ দাবি করছেন, তারাই অতীতে বিভিন্ন অনুষ্ঠানে উপাচার্যকে ‘শিক্ষার্থীবান্ধব’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে। কেউ সুষ্ঠু পরিবেশ নষ্টের চেষ্টা করলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


তিনি অভিযোগ করেন, কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর প্ররোচনায় কয়েকজন শিক্ষার্থী বিভ্রান্ত হয়েছেন।


উল্লেখ্য, গতকাল উপাচার্যের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলনের ডাক দেন হাফিজুর রহমান সিয়াম। একই দাবির বিরোধিতা করে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলনের ডাক দেন তুহিন রানা। তবে সংশ্লিষ্ট উভয় পক্ষেরই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর