জাতীয়
তিন সহযোগী সংগঠনের জেলা–মহানগর নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সভাটি শুরু হয়। পরে বেলা ১১টার দিকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দলীয় সূত্র জানায়, সভায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন জেলার শীর্ষ নেতারা অংশ নেন। সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং দলীয় কাঠামোর মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এছাড়া আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সহযোগী সংগঠনগুলোর ভূমিকা আরও কার্যকর ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।
সভা ঘিরে এর আগে শুক্রবার বিকেলে ভেন্যু পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী। তিনি সাংবাদিকদের জানান, এ মতবিনিময়ের মাধ্যমে সংগঠনের তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর দিকনির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।







