জাতীয়

ভারতে কোনো ধর্ম বা জনগোষ্ঠীর ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ভারতে কোনো ধর্ম বা জনগোষ্ঠীর ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার- খবরের থাম্বনেইল ফটো

বিশেষ কোনো ধর্ম, বর্ণ বা গোত্রকে লক্ষ্য করে নির্যাতন ও ক্ষতি না করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


শনিবার (৯ মে) দুপুরে জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় গত ২ মে শুরু হওয়া তার এক সপ্তাহব্যাপী সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।


পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “পশ্চিমবঙ্গ হোক বা বিশ্বের যেকোনো প্রান্ত—নিরীহ মানুষের ওপর জুলুম-নির্যাতন হলে আমরা তার প্রতিবাদ করি। মজলুম যেখানেই থাকুক, আমরা তাদের পক্ষেই থাকব।”


তিনি বলেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ। সে অনুযায়ী দেশটির সব ধর্মাবলম্বী নাগরিকের সমান ধর্মীয় ও নাগরিক অধিকার ভোগের সুযোগ থাকা উচিত।


প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “আমরা প্রতিবেশীদের সম্মান করি। তবে কোনো প্রতিবেশী আমাদের অপমান করুক, সেটিও আমরা প্রত্যাশা করি না।”


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার পরিবর্তে বাস্তব পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


ডা. শফিকুর রহমান জানান, জাপান থেকে ফেরার পথে তারা থাইল্যান্ডে গিয়ে চিকিৎসাধীন ৬৪ জন ‘জুলাই যোদ্ধার’ খোঁজখবর নেন। তাদের অনেকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।


তিনি বলেন, “কেউ স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন, কারও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”


আহতদের সুচিকিৎসা এবং তাদের পরিবারের জন্য মনোসামাজিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যাদের দেশে চিকিৎসা সম্ভব নয়, তাদের বিদেশে পাঠানোরও পরামর্শ দেন। বিশেষ করে গুরুতর স্নায়ুজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের সিঙ্গাপুরে চিকিৎসার ব্যবস্থা করার কথা উল্লেখ করেন।


প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণভোটের রায় এবং ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জোরালোভাবে উঠে এসেছে।


তার ভাষায়, “অর্ধেক বাস্তবায়ন বা কোনো ধরনের শুভঙ্করের ফাঁকি গ্রহণযোগ্য হবে না।”


জাপান সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার এবং দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালকসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বলে জানান ডা. শফিকুর রহমান।


তিনি বলেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, কুষ্ঠ নির্মূল, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।


এছাড়া বাংলাদেশে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবও জাপানি প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।


বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি নিজে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনে যাবেন বলে জানান। প্রয়োজনে উৎপাদন পর্যায়েও সরেজমিনে খোঁজ নেওয়ার কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলে থাকলেও জাতীয় স্বার্থে সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করবে তার দল। তবে দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে প্রতিবাদ এবং প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।


প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের নেতারা।


সম্পর্কিত খবর