জাতীয়

সরকার ও বিরোধী দল গণতন্ত্রের দুই অপরিহার্য শক্তি: গোলাম পরওয়ার

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সরকার ও বিরোধী দল গণতন্ত্রের দুই অপরিহার্য শক্তি: গোলাম পরওয়ার- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংসদীয় গণতন্ত্রে সরকার ও বিরোধী দল সাইকেলের দুই চাকার মতো। একটি চাকা ছাড়া যেমন সাইকেল চলতে পারে না, তেমনি কার্যকর বিরোধী দল ছাড়া গণতন্ত্রও সুস্থভাবে পরিচালিত হতে পারে না।


শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মানবকল্যাণ পরিষদ ট্রেনিং সেন্টার অ্যান্ড রিসোর্টে জেলা জামায়াত আয়োজিত ‘সদস্য (রোকন) শিক্ষা শিবির-২০২৬’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংকট মোকাবিলা ও দেশ গঠনে জামায়াতে ইসলামী সবসময় গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে। বিরোধিতা শুধু বিরোধিতার জন্য নয়; সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন দেওয়া এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকাই তাদের রাজনৈতিক নীতি।


তিনি জানান, জাতীয় সংসদে ৭৭ জন সদস্য নিয়ে জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে। দলের আমির ডা. শফিকুর রহমান সংসদের প্রথম দিন থেকেই দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেছেন।


সাম্প্রতিক জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদলের পক্ষ থেকে সংকট সমাধানে সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলে সরকার তা গ্রহণ করেছে। এর ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে সাধারণ মানুষ মনে করছে। এটি গণতান্ত্রিক সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।


আগামী ৭ জুন শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনকে সামনে রেখে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী ইতোমধ্যে প্রাক-বাজেট আলোচনা সম্পন্ন করেছে। দলের লক্ষ্য একটি ঋণনির্ভরতা কমানো ও স্বনির্ভর অর্থনীতির ভিত্তিতে বাজেট প্রণয়ন। পাশাপাশি সংসদে কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করতে ‘শ্যাডো ক্যাবিনেট’ বা ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তিনি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান এবং বলেন, জামায়াত ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তরুণ ও পরিচ্ছন্ন নেতৃত্ব নিয়ে সব স্তরের নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।


সংবিধান সংস্কার ও জুলাই গণভোট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, অধিকাংশ মানুষের সমর্থন পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ না নিয়ে কর্তৃত্ববাদী ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে দলটি সংসদ ও রাজপথ—দুই ক্ষেত্রেই সক্রিয় থাকবে বলে জানান তিনি।


আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, কোনো রাজনৈতিক দল সহিংসতার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। তবে গণতন্ত্রে নিবন্ধিত সব দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নিশ্চিত করা উচিত।


ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম।


সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই শিক্ষা শিবিরে জেলার প্রায় ৫৫০ জন রোকন সদস্য অংশ নেন। এতে সাংগঠনিক দক্ষতা, নৈতিক চর্চা এবং আদর্শিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত খবর