জাতীয়

ইশতেহার বাস্তবায়নে সংগ্রামে নামতে হবে, নেতাকর্মীদের তারেক রহমান

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইশতেহার বাস্তবায়নে সংগ্রামে নামতে হবে, নেতাকর্মীদের তারেক রহমান- খবরের থাম্বনেইল ফটো

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেছেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফলভাবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে না।


শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


তারেক রহমান বলেন, “নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নের জন্য আমাদের নতুন সংগ্রামে নামতে হবে। একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হয়েছে আরেকটি যুদ্ধ—মানুষের প্রত্যাশা পূরণের যুদ্ধ।”


তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীরা মাঠে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নির্বাচনের আগেই তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের বিষয়ে সতর্ক করেছিলেন এবং নেতাকর্মীরা সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছেন।


প্রধানমন্ত্রী বলেন, জনগণ বিএনপি এবং দলটির নির্বাচনী ইশতেহারের প্রতি আস্থা রেখেই ভোট দিয়েছে। “নির্বাচনের আগে এটি ছিল বিএনপির ইশতেহার; সরকার গঠনের পর তা এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে,” বলেন তিনি।


তিনি আরও বলেন, ভোট দেওয়া ৫২ শতাংশ মানুষ মূলত এই ইশতেহারের পক্ষেই রায় দিয়েছেন। তাই এতে উল্লেখিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা থাকতে হবে।


তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়েছিল, যেখানে শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশ পাবে এবং নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে।


স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এ লড়াইয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। বিএনপি এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ ও বিতর্ক করতে পারবে।


তিনি বলেন, “বর্তমান সরকার বিএনপির নেতৃত্বাধীন সরকার। তাই দলের সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে অনেক ক্ষেত্রেই সফল হওয়া কঠিন হবে।”


সকাল পৌনে ১১টায় শুরু হওয়া দিনব্যাপী রুদ্ধদ্বার এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।


গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এটিই প্রথম মতবিনিময় সভা।


সম্পর্কিত খবর