জাতীয়

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেড় মাসে মৃত্যু ৩৫২

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেড় মাসে মৃত্যু ৩৫২- খবরের থাম্বনেইল ফটো

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে এবং ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।


এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ মে সকাল ৮টা পর্যন্ত মোট ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬১ জনের মৃত্যু পরীক্ষায় নিশ্চিত হামজনিত এবং ২৯১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।


শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।


গত দেড় মাসে ল্যাব পরীক্ষায় ৬ হাজার ৯৮৯ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪৭ হাজার ৬৫৬ শিশু।


আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এখানে এখন পর্যন্ত হাম ও হাম-সন্দেহে ১৭৩ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮০ জনে।


স্বাস্থ্য অধিদপ্তরের মতে, চলমান এই প্রাদুর্ভাব দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।


চিকিৎসকদের ধারণা, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশু এবং গরমের সময় ভাইরাসের দ্রুত বিস্তার পরিস্থিতি জটিল করে তুলেছে।


স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, শিশুর জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে।


বিশেষ করে ঢাকা ও আশপাশের এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।


সম্পর্কিত খবর