ক্যাম্পাস
মাস্টার্সের সর্বশেষ সেমিস্টারে সিজিপিএ ৪-এ ৪ পেলেন রাকসু ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ স্নাতকোত্তর শেষ সেমিস্টার ফলাফলে সিজিপিএ ৪-এ ৪ পেয়েছেন।
এর আগের সেমিস্টার ফলেও চমক দেখিয়েছিলেন এই নেতা। সেবার পেয়েছিলেন সিজিপিএ ৩.৮৮।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী ছিলেন জাহিদ। স্নাতকোত্তরের তিন সেমিস্টারের ফলাফলে দেখা গেছে তিনি প্রথমটায় ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ এবং তৃতীয় সেমিস্টারে ৪.০০ আউট অব ৪.০০ (সিজিপিএ) অর্জন করেছেন। অনার্সে তার ফলাফল ছিল ৩.৭৬।
এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া। পরিশ্রম তো অবশ্যই আছে, তবে আল্লাহর রহমতটাই কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ভালো ফলাফলের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। সবার নিকট দোয়ার আর্জি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে আমার পেশা হিসেবে টার্গেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জন।
প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে জয়ী হয়ে ভিপি নির্বাচিত হন তৎকালীন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।
ভিপির দায়িত্ব, সাংগঠনিক নানান কাজ, তার মাঝেই অ্যাকাডেমিক রেজাল্টে অভাবনীয় ফলাফল অর্জন করায় প্রশংসায় ভাসছেন তিনি।



