জাতীয়
পুলিশ সপ্তাহে বিপিএম-পিপিএম পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
শনিবার (৯ মে) রাত পর্যন্ত এ পদকসংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে পদক প্রদান করা হচ্ছে না।
রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য বার্ষিক পুলিশ প্যারেডের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের অংশগ্রহণে আয়োজিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। পাশাপাশি পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, ২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ যেসব পদক দেওয়ার কথা ছিল, সে বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে পদক প্রদান অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পদকপ্রাপ্তদের তালিকা পুনরায় যাচাই-বাছাই করে পরবর্তীতে নতুন তালিকা প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, শেষ মুহূর্তে পুলিশ সপ্তাহের সূচি থেকে পদক প্রদান অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে। সুবিধাজনক সময়ে এ পদক প্রদান করা হবে।
জানা গেছে, সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের স্বীকৃতিস্বরূপ মোট ১০৭ জন পুলিশ সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। তবে তালিকা প্রকাশের পর অভিযোগ ওঠে, বিগত সরকারের আমলে সুবিধাভোগী কয়েকজন পুলিশ কর্মকর্তার নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে সমালোচনা তৈরি হলে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানসূচি থেকে পদক প্রদান পর্বটি বাদ দেওয়া হয়।







