জাতীয়

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে—এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, আর তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান প্রত্যাশা।


রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, “আজকের এই অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সব পুলিশ সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। শুধু স্মরণ করলেই দায়িত্ব শেষ হয় না। স্বাধীনতার জন্য যেসব পুলিশ সদস্য আত্মত্যাগ করেছেন, তাঁদের সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।”


তিনি আরও বলেন, “এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশকে দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।”


তারেক রহমান বলেন, স্বাধীনতার প্রথম প্রহরে পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে নতুন করে শপথ নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, “একদিকে চট্টগ্রামে মেজর জিয়ার ‘উই রিভোল্ট’, অন্যদিকে ঢাকায় রাজারবাগে পুলিশের মরণপণ প্রতিরোধ—এই দুই ঘটনা স্বাধীনতার লড়াইকে অনিবার্য করে তুলেছিল।”


মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মার্চ মাসে যখন পাকিস্তান থেকে প্রতিদিন হাজার হাজার সৈন্য ঢাকায় আসছিল, তখন সব পুলিশ সদস্যকে রাজারবাগে একত্রিত করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কী কৌশল ছিল, তা গবেষণার বিষয় হতে পারে।


তিনি পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। শুধু বিদেশে শান্তিরক্ষা মিশনে নয়, দেশের মানুষের সঙ্গেও পুলিশের আচরণ হতে হবে মানবিক ও দায়িত্বশীল।”


প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এর আগে প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।


এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আজ শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১৩ মে পর্যন্ত।


বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ।


সম্পর্কিত খবর