ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখায় প্রথমবারের মতো তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি।
শনিবার (৯ মে) রাত ১১টার দিকে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে নৃবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথিরকে আহ্বায়ক এবং একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইলকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. উলফাতুর রহমান রাকিব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক বছরের জন্য অনুমোদিত এ আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
নবনিযুক্ত আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাথির বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই ছাত্ররাজনীতিতে যুক্ত হয়েছি। দলীয় আনুগত্যের বাইরে থেকে শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর হয়ে ওঠাই আমাদের প্রধান লক্ষ্য। জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর জন্য যুগোপযোগী নীতিগত পরামর্শ প্রদান করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। এই পথচলায় জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।”





