ক্যাম্পাস

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়- খবরের থাম্বনেইল ফটো

বুকভরা আশা আর হাজারো স্বপ্ন নিয়ে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। নতুন পরিবেশ, নতুন স্বপ্ন এবং বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অভিজ্ঞতাকে ঘিরে তাদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস ও কৌতূহল।


রোববার (১০ মে) সকাল থেকেই ক্যাম্পাসে নবীনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সকাল ১০টা থেকে বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর সংখ্যাও বাড়তে থাকে।


ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীনদের আগমনে নতুন রূপ ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শহীদ মিনার, প্যারিস রোড, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন স্থানে নতুন ও পুরোনো শিক্ষার্থীদের আড্ডায় মুখর ছিল পুরো ক্যাম্পাস।


প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে ইসলামিক স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী সালমান আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ আমাদের জন্য অনেক আনন্দের ও উচ্ছ্বাসের। তবে এখানে আসার পথটা সহজ ছিল না। ভর্তির শুরুটা বেশ কঠিন ছিল। প্রথমবার চান্স না পেয়ে ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। পরে দ্বিতীয়বার চেষ্টা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই।”


রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী রিফাত বলেন, “দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আমার নতুন যাত্রা শুরু হলো। অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি। বিভাগের শিক্ষক ও বড় ভাই-বোনরা খুবই আন্তরিক। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব বলে আশা করি।”


ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফরহাদ রেজা বলেন, “রাবি আমার কাছে ভালো লাগার একটি ক্যাম্পাস। আগে থেকেই এখানে আসা হয়েছিল, তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতি আলাদা ভালো লাগা তৈরি হয়। অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলেও আমি রাবিকেই বেছে নিয়েছি। ভালোভাবে পড়াশোনা করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করাই আমার লক্ষ্য।”


ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের নবীন শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটা সত্যিই দারুণ লাগছে। ভিতরে এক অজানা উদ্দীপনা কাজ করছে। এখন থেকে আমিও এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। চারদিকে নতুনত্ব, নতুন বন্ধু—সব মিলিয়ে এক নতুন পরিবারের মতো অনুভূতি হচ্ছে।”


নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “আমরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় জীবন তাদের জন্য মধুর হোক। একইসাথে র‍্যাগিং আইনত দণ্ডনীয় ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সহযোগিতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”


উল্লেখ্য, দীর্ঘ ভর্তি প্রক্রিয়া শেষে আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয়েছে।


সম্পর্কিত খবর