ক্যাম্পাস
চবিতে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী) টুর্নামেন্ট ২০২৬।
রোববার (১০ মে) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়া সংগঠক এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড় ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের টুর্নামেন্টে দেশের ৪৩টি বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করছে। এর মধ্যে ৩৪টি ছেলেদের এবং ৯টি মেয়েদের দল রয়েছে।
আয়োজকদের মতে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য উন্নয়ন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন,
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে—এটি আমাদের জন্য গৌরবের। একই সঙ্গে আমাদের দায়িত্বও বেড়েছে। আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের দক্ষতা গড়ে তোলে, যা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক।
আয়োজক সূত্রে জানা গেছে, কয়েকদিনব্যাপী এ টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।
এ আয়োজনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, এই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া আয়োজন দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।







