ক্যাম্পাস

জাতীয় সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার সেরা দশে ইবির চার শিক্ষার্থী

ইবি প্রতিনিধি

শেয়ারঃ

জাতীয় সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার সেরা দশে ইবির চার শিক্ষার্থী- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ দাওয়াহ সার্কেল কর্তৃক আয়োজিত সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত জাতীয় ভিডিও বক্তব্য প্রতিযোগিতা–২০২৫ এ সেরা দশে জায়গা করে নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শিক্ষার্থী।


গতকাল শনিবার (০৯ মে) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলস্থ আইডিবি ভবনের মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেরা দশে স্থান পাওয়া চার শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দেলোয়ার হোসাইন, দ্বিতীয় হন একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. তানজিল হোসাইন এবং তৃতীয় স্থান অধিকার করেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের এহসানুল হক নাফিস। এছাড়া পঞ্চম স্থান অর্জন করেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাদিকুর রহমান আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিছবাহুল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ ও বিশিষ্ট আলেমে দ্বীন ড. মু. মহিউদ্দিন আহমদ।


প্রথম স্থান অর্জনকারী দেলোয়ার হোসাইন বলেন, এ সাফল্য আল্লাহর পক্ষ থেকে এক আমানত, আমি চাই তাঁর কথার মাধ্যমে মানুষের অন্তরে ঈমানের জাগরণ সৃষ্টি হোক।


দ্বিতীয় স্থান অর্জনকারী তানজিল হোসাইন বলেন, প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পাওয়া সৌভাগ্যের, আর একই সঙ্গে ইবির চারজন শিক্ষার্থীর সেরা দশে থাকা আনন্দকে আরও বাড়িয়েছে।


তৃতীয় স্থান অধিকারী এহসানুল হক নাফিস বলেন, মহানবী (সা.)-এর সিরাত নিয়ে কথা বলতে পারাটাই ছিল বড় প্রাপ্তি, এ অর্জন সেই আনন্দকে আরও বৃদ্ধি করেছে।


উল্লেখ্য, প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় ১১০০ জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। বিজ্ঞ বিচারকমণ্ডলীর তত্ত্বাবধানে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।


প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ১৫ হাজার, ১২ হাজার ও ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। সর্বমোট প্রায় দেড় লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে।


সম্পর্কিত খবর