ক্যাম্পাস

কুয়েটে বিইসিএম রিসার্চ সোসাইটির উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

কুয়েটে বিইসিএম রিসার্চ সোসাইটির উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিইসিএম রিসার্চ সোসাইটির আয়োজনে উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৯ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ সেমিনারে বিভাগের শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা, উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা প্রদান এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিল এসআরএসবি এন্টারপ্রাইজ।


সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি ও বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুর রহমান সবুজ, কোষাধ্যক্ষ মো. কাওসারুল ইসলাম কাব্য, সহ-সভাপতি এবং কমিটির অন্যান্য সদস্যরা।


অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে বক্তব্য দেন মো. মেহরাব হোসাইন। তিনি জর্জিয়া সাউদার্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় গবেষণা সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি কুয়েটের বিইসিএম বিভাগের সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন। একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেন।


বক্তব্যে তিনি শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত উচ্চশিক্ষার প্রস্তুতির বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ভালো একাডেমিক ফলাফল অর্জন, আইইএলটিএস ও জিআরই পরীক্ষার প্রস্তুতি, গবেষণার অভিজ্ঞতা অর্জন, গবেষণাপত্র প্রকাশ, বিদেশে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, উদ্দেশ্যপত্র (এসওপি) ও সুপারিশপত্র লেখার কৌশল এবং গবেষণার অর্থায়ন পাওয়ার উপায় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও উচ্চশিক্ষা শেষে বিদেশে পেশাগত জীবনে প্রবেশের প্রস্তুতি সম্পর্কেও তিনি আলোচনা করেন।


সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান এবং বক্তা সেগুলোর উত্তর দেন।


সবশেষে বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুর রহমান সবুজের সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।


আয়োজকরা জানান, শিক্ষার্থীদের গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ে আরও আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর