ক্যাম্পাস
চবি স্ট্যাটিসটিক্স কালচারাল অ্যারেনা’র উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান 'সৃজনধারা'র আয়োজন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ‘স্ট্যাটিসটিক্স কালচারাল অ্যারেনা’র উদ্যোগে আয়োজন করা হয়েছে অভিষেক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সৃজনধারা’।
রোববার (১০ মে) বেলা দশটায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ও ফিশারিজ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শাহাদাত হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো: শাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চর্চা অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা।
আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের ধারাকে ধারণ করে যেন কোনো বিজাতীয় অপসংস্কৃতি সমাজে বিস্তার লাভ করতে না পারে। মুক্তধারার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি প্রতিরোধে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।
সভাপতির বক্তব্যে সামিয়া সুলতানা শর্মি বলেন, খুব ছোট একটা ভাবনা থেকে শুরু হয় এই কার্যক্রম। কিন্তু সবার ভালোবাসা ও আন্তরিকতা থেকেই আজ বাস্তবে রুপ নিয়েছে এই সংগঠন। আমরা সংখ্যা নিয়ে গবেষণা করি, কিন্তু এই সংখ্যার আড়ালে লুকিয়ে থাকে রুপ, রস গন্ধ উচ্ছ্বাস, সেখান থেকেই সাংস্কৃতিকের জন্ম।
আমরা চাচ্ছি এমন একটি পরিবেশ গড়ে তুলতে যেখানে পড়াশোনার পাশাপাশি গান, নাটক, কবিতা আবৃত্তিসহ যে সৃজনশীল যাত্রা তা সমানভাবে বিকশিত হোক। আমি গর্বের সাথে বলতে পারি আমাদের প্রতিটি সদস্যই অত্যান্ত মেধাবি তাদের আন্তরিকতার মাধ্যমেই উঠে দাড়িয়েছে আজকের এই সংগঠন।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন জানান, কালচারাল অ্যারেনার প্রথম প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে।
আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ হিসেবে বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
আমাদের বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা সকাল নয়টায় এসে বিকাল ৫ টায় প্রাক্টিক্যাল-ল্যাব করে বাড়ি ফিরে যায়, এদেরও একটা হৃদয় আছে, মনন আছে তা পূরণ হবে আপনাদের এই ধরণের কাজের মাধ্যমে। আপনারা এগিয়ে যাবেন, সাংস্কৃতিক অঙ্গনে আপনাদের পদচিহ্ন হবে ভাস্বর।




