ক্যাম্পাস

কুবি শিক্ষকদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ‘মিথ্যা ও মানহানিকর’ দাবি

কুবি প্রতিনিধি

শেয়ারঃ

কুবি শিক্ষকদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ‘মিথ্যা ও মানহানিকর’ দাবি- খবরের থাম্বনেইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষক তাদের বিরুদ্ধে আনা জমি দখলের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর’ বলে দাবি করেছেন।


শনিবার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমের কাছে দেওয়া এক লিখিত অভিযোগপত্রে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল হায়াত এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান এ দাবি করেন।


অভিযোগপত্রে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মচারী জহিরুল ইসলাম সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।


শিক্ষকদের দাবি, ২০১৯ সালে তারা যৌথভাবে প্রায় ৩০ শতক জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে ২০২৬ সালের জানুয়ারিতে জহিরুল ইসলাম দাবি করেন, জমিটির দক্ষিণাংশ তার দখলে রয়েছে। বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ার কিছুদিন পর জমিতে গিয়ে তারা দেখতে পান, প্রায় ৩০টি বড় গাছ কেটে ফেলা হয়েছে। তাদের অভিযোগ, এ ঘটনার সঙ্গে জহিরুল ইসলাম জড়িত।


পরে উভয় পক্ষের মালিকদের উপস্থিতিতে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষকরা জানান, মালিক পক্ষ জমির সীমানা বুঝিয়ে দেওয়ার পরও জহিরুল ইসলাম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।


অভিযোগপত্রে আরও বলা হয়, জহিরুল ইসলাম সংবাদমাধ্যমে যে অভিযোগ করেছেন, তার কোনো সত্যতা নেই।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “অভিযোগটি আমার হাতে এসেছে। এটি মূলত বিশ্ববিদ্যালয়ের বাইরের জমি-সংক্রান্ত বিষয়। এটি তাদের ব্যক্তিগত বিষয়। অভিযোগটি রেজিস্ট্রার দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।”


সম্পর্কিত খবর