ক্যাম্পাস
উপাচার্যকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো বেরোবি প্রশাসন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্যকে জড়িয়ে প্রকাশিত একটি সংবাদকে 'মনগড়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর' দাবি করে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মে দৈনিক দৈনিক সমকাল পত্রিকায় উপাচার্যকে জড়িয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রতিবেদনে যেসব বিষয়ে অনিয়মের অভিযোগ আনা হয়েছে, সেসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন, আর্থিক কাগজপত্র ও প্রামাণ্য নথি সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের কাছে সেসব তথ্য উপস্থাপন করা হবে বলেও জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, একটি মহল পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, একাডেমিক অগ্রগতি ও প্রশাসনিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের সংবাদ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাই বস্তুনিষ্ঠতা, তথ্য যাচাই ও নৈতিক সাংবাদিকতার মানদণ্ড অনুসরণ করা সকল গণমাধ্যমের দায়িত্ব। কোনো পক্ষের বক্তব্য যথাযথ যাচাই-বাছাই ছাড়া একপাক্ষিক সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী বলেও মন্তব্য করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট পত্রিকাকে অবিলম্বে সংবাদের সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।







