জাতীয়

হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান

ডেস্ক

শেয়ারঃ

হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান- খবরের থাম্বনেইল ফটো

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। জনগণ আমাদের সঙ্গে ছিল বলেই গত ১৭ বছর ধরে অত্যাচার-নির্যাতনের মধ্যেও বিএনপি টিকে আছে।’


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রাজনৈতিক সফরে নওগাঁ সফর করেন তিনি।


তারেক রহমান বলেন, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে। তবে আরেকটি পক্ষ আছে, যারা দীর্ঘদিন জনগণের পাশে ছিল না এবং এখন আবার গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০০৮ সালের মতো যেন ‘খালি ব্যালট বাক্স ভরা দেখানোর ম্যাজিক’ আর না ঘটানো যায়—সেজন্য ব্যালট বাক্স পাহারা দিতে হবে।


তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে সাধারণ মানুষের ভাগ্যের কোনো বাস্তব পরিবর্তন হয়নি। ঢাকাকেন্দ্রিক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।’ বিএনপি ক্ষমতায় এলে গ্রাম, নারী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।


কৃষকদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। নওগাঁ অঞ্চলে ধান ও আম উৎপাদনের কথা উল্লেখ করে তিনি বলেন, আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে। কৃষিপণ্য পরিবহনে রেলব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ এবং পর্যায়ক্রমে কৃষি কার্ড প্রদানের ঘোষণা দেন তিনি।


নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে মায়েদের মাসিক স্বাস্থ্যসেবা সহায়তা দেওয়া হবে। গ্রাম পর্যায়ে হেলথকেয়ার সেবা চালু করে প্রাথমিক চিকিৎসা ঘরে বসেই নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।


শিক্ষিত বেকারদের উদ্দেশে তিনি বলেন, শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াই শেষ কথা নয়। খেলাধুলা, আইটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে আগ্রহী বলেও দাবি করেন তিনি।


নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরাও উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর