ক্যাম্পাস
চবির ১২ হলে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করল চাকসু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ১২টি ছাত্র ও ছাত্রী হলে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
সোমবার (১১ মে) দুপুরে চাকসু ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে চাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান হল সংসদের প্রতিনিধিদের হাতে এসব চিকিৎসা সরঞ্জাম তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপাসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।
চাকসু সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে মেডিসিন কর্নার কাঠামো, ফার্স্ট এইড বক্স, নেবুলাইজার, ওয়েট মেশিন, ব্লাড সুগার মাপার যন্ত্র, থার্মোমিটার, বিপি মিটার, ক্লিনিক্যাল ইনস্ট্রুমেন্ট সেট, ফোল্ডিং স্ট্রেচার এবং পালস অক্সিমিটার বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিজয় ২৪ ও প্রীতিলতা হলে জরুরি মেডিসিন কর্নার স্থাপন করা হয়েছে।
চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ছোটখাটো অসুস্থতায় শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারে যাওয়ার প্রয়োজন কমবে।
স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান জানান, দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতার সময় শিক্ষার্থীরা যাতে হলে থেকেই দ্রুত প্রাথমিক চিকিৎসা নিতে পারে, সে লক্ষ্যেই এসব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা বলেন, ছাত্রী হলগুলো বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে দূরে হওয়ায় জরুরি মুহূর্তে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। এ সমস্যা বিবেচনায় রেখেই হলভিত্তিক চিকিৎসা সুবিধা জোরদার করা হয়েছে।







