জাতীয়
শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মানসুরা আলম

শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেত্রী মানসুরা আলম।
সোমবার (১১ মে) সরকারি শিশু সদন পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মানসুরা আলম বলেন, সমাজের অনেক শিশুই পরিবার-পরিজনের স্নেহ থেকে বঞ্চিত। তাদের দেখভাল ও দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হয়। সরকারি শিশু সদন ও শিশু পরিবারগুলোতে বেড়ে ওঠা এসব শিশুর প্রতি সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, সম্প্রতি শিশু সদনের কয়েকজন শিশু হাম ছাড়াও বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হয়েছে বলে তিনি জানতে পারেন। তার ভাষ্য, অপুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এসব শিশু সংক্রামক রোগে বেশি আক্রান্ত হচ্ছে।
মানসুরা বলেন, বিষয়টি জানার পর তিনি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. জিয়াউদ্দিন হায়দারকে অবহিত করেন। পরে তার উদ্যোগে ICDDRB-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং শিশুদের চিকিৎসার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে আক্রান্ত শিশুদের চিকিৎসা শুরু হয়েছে।
মানসুরা আলম তার পোস্টে লিখেছেন, “শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। সংশ্লিষ্টরা হাম পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত বৈঠক করছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ব্যবস্থাও সম্প্রসারণ করা হচ্ছে।”
চলমান স্বাস্থ্য পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “যে কারণেই সংকট তৈরি হয়ে থাকুক না কেন, সরকার তা মোকাবিলায় সক্রিয় রয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও অবহেলা থাকলে তা তথ্যভিত্তিকভাবে তুলে ধরা উচিত। একই সঙ্গে শিশুদের কল্যাণে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।







