জাতীয়

দীর্ঘ ২০ বছর পর রংপুরে তারেক রহমান

আগামীকাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির নির্বাচনী জনসভা

ডেস্ক

শেয়ারঃ

আগামীকাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির নির্বাচনী জনসভা- খবরের থাম্বনেইল ফটো

দীর্ঘ প্রায় দুই দশক পর আগামীকাল শুক্রবার রংপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি রংপুরে একটি বৃহৎ নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।


দলীয় সূত্র জানায়, আগামীকাল বেলা ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান পীরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।


তারেক রহমানের এ সফরকে ঘিরে রংপুরে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা। বৃহস্পতিবার সকাল থেকেই সভাস্থলে মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক প্রস্তুতি চলতে দেখা যায়। একই সঙ্গে জনসভায় অংশগ্রহণ নিশ্চিত করতে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।


এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান রংপুরের মাটিতে আসছেন—এই সংবাদ ছড়িয়ে পড়তেই ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, আগামীকালের জনসভা রংপুরের উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।’


তিনি আরও বলেন, ‘নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রংপুর বিভাগজুড়ে বিএনপির পক্ষে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, আগামীকালের জনসভা হবে তার দৃশ্যমান বহিঃপ্রকাশ। ঐতিহাসিক ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হবে।’ জনসভায় রংপুর বিভাগের ৩১টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী মো. সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম, রংপুর-১ আসনের মোকাররম হোসেন, রংপুর-২ আসনের মোহাম্মদ আলী সরকার, রংপুর-৪ আসনের মোহাম্মদ এমদাদুল হক (ভরসা) এবং রংপুর-৫ আসনের গোলাম রব্বানী।


এ সময় আসাদুল হাবিব জানান, তারেক রহমানের কাছে বৃহত্তর রংপুরের জন্য একটি দাবিনামা তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, ভারী শিল্প ও গ্যাস সংযোগ, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন, পর্যটন খাতের আধুনিকায়ন, প্রতিটি জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, এশিয়ান হাইওয়ে নির্মাণ, বন্ধ স্থলবন্দর আধুনিকায়ন এবং শিক্ষা ও চিকিৎসাব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি শহীদ আবু সাঈদের নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপনের দাবিও জানানো হয়েছে।


জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ বলেন, ‘জনসভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ভিআইপির নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।’


সম্পর্কিত খবর