ক্যাম্পাস
প্রধানমন্ত্রী হিসেবে ঢাবিতে তারেক রহমানের প্রথম পদচারণা

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পদচারণ করেন তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) বেলা পৌনে ১১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে ঢাবিতে আসেন।
এর আগে, ইউজিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমান কর্মশালার উদ্বোধন করবেন। অধ্যাপক মামুনের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত থাকবেন।
তারেক রহমান এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা পৃথক মিছিল নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এছাড়া ঢাবি ছাত্রদল ও বিভিন্ন হল শাখা এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও স্বাগত মিছিল নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন।







