ক্যাম্পাস
জবি শিবিরের প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত 'দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব-২০২৬' এর দ্বিতীয় ও শেষদিনে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় দেখা গিয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত দ্বিতীয় দিনের এ উৎসব চলে।
স্টল ঘুরে দেখার সময় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তানজিল হাসান এবাদুল বলেন, ছাত্রশিবিরের প্রকাশনাসমূহ তারা অত্যন্ত সুন্দরভাবে প্রদর্শন করেছে। আমরা এসবের মাধ্যমে তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারছি। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ম্যাগাজিন, গ্রন্থ রয়েছে যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাইভা আহমেদ ইভা বলেন, ছাত্রশিবিরে প্রকাশনা উৎসব থেকে আমাকে অত্যন্ত সুন্দর কিছু প্রকাশনা উপহার দেওয়া হয়েছে। এগুলোর মাধ্যমে আশা করি তাদের সম্পর্কে জানতে পারবো। ক্যাম্পাসে এত সুন্দর আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ।
ছাত্রশিবির জবি শাখার সেক্রেটারি ইব্রাহীম খলিল বলেন, ছাত্রশিবির সম্পর্কে শিক্ষার্থীরা জানতে খুবই আগ্রহী। তাদের মাঝে ছাত্রশিবিরের পরিচিতি ও প্রকাশনা সামগ্রী তুলে ধরতেই আমাদের এই আয়োজন। সকাল থেকেই স্টলগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক সমাগম দেখতে পাচ্ছি, বিশেষত নবাগত ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণই বেশি।
শাখা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক বলেন, প্রকাশনা উৎসবের দ্বিতীয় দিনে আমরা শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবির সম্পর্কে জানতে চাচ্ছে, আমরা তাদের বিভিন্ন বই, কলম ও ম্যাগাজিন উপহার দিচ্ছি। এছাড়াও বিনামূল্যে কফি বিতরণ করা হচ্ছে, শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এসব আয়োজনে অংশ নিচ্ছে।
প্রকাশনা উৎসবে দুইটি স্টলে ছাত্রশিবিরের পরিচিতিমূলক বিভিন্ন প্রকাশনাসামগ্রী, ইসলামি বই,জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত প্রকাশনা,প্যাড, কলম, চাবির রিংসহ সাড়ে তিনশ প্রকারের প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হয়েছে। এছাড়াও কফি স্টলে বিনামূল্যে কফি বিতরণ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সুসজ্জিত একটি ফটোবুথের ব্যবস্থাও ছিলো।
প্রসঙ্গত, গতকাল সোমবার ( ১১ মে) প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জকসু ভিপি মো: রিয়াজুল ইসলাম, জবি শিবির সভাপতি ও জকসু জিএস মো: আব্দুল আলিম আরিফ, সেক্রেটারি ও জকসু শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।







