ক্যাম্পাস
রুয়েট ক্যাম্পাসে খাদ্য নিরাপত্তা অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের আহ্বানে পরিচালিত এ অভিযানে স্বাস্থ্যবিধি না মানা, মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশ, খাদ্য সংরক্ষণে অনিয়ম এবং মানহীন উপকরণ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এ সময় বাসি খাবার, অনুমোদনহীন ফুড কালার ও কালিযুক্ত কাগজের প্যাকেট জব্দ করা হয়।
অভিযানে ফটিক জলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। চারু আড্ডা, বাইটস এন্ড ব্রিউ লাইফ বেকারি এবং রুয়েট ক্যাফেটেরিয়াকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া খাবারে পোকা পাওয়াসহ একাধিক অভিযোগে বাংলা টিফিন ক্যান্টিনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। শহীদুলের টং থেকে কালিযুক্ত কাগজের প্যাকেট জব্দ করে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এবং বিএসটিআইয়ের ইনস্পেক্টিং অফিসার ইঞ্জিনিয়ার জোনায়েদ আহমেদ। রুয়েট প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার।
ফজলে এলাহী জানান, ক্যাম্পাসের জুস বার থেকে শুরু করে শিক্ষার্থীদের খাবারের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছে এবং যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
ছাত্রকল্যাণ পরিচালক ড. রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা রুয়েট প্রশাসনের অগ্রাধিকার, এবং এ ধরনের তদারকি ভবিষ্যতেও চলমান থাকবে।
অভিযানকে শিক্ষার্থীরা স্বাগত জানালেও খাদ্যের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত মনিটরিংয়ের ধারাবাহিকতা নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ রয়েছে।







