ক্যাম্পাস

চবিতে নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ‘বিজয় ২৪ হল’ ও CSTPD-এর কর্মশালা

চবি প্রতিনিধি

শেয়ারঃ

চবিতে নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ‘বিজয় ২৪ হল’ ও CSTPD-এর কর্মশালা- খবরের থাম্বনেইল ফটো

বিজয় ২৪ হল সংসদ, চবি এবং CSTPD–এর যৌথ উদ্যোগে “She Leads: Building Confidence Through CV, Interviews & Public Speaking” শীর্ষক বিশেষ কর্মশালাটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।


প্রথমবারের মতো হলের শিক্ষার্থীদের জন্য এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক আয়োজন অনুষ্ঠিত হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।


কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়ন, মানসম্মত সিভি প্রস্তুতিতে দক্ষ করে তোলা, ইন্টারভিউ–সংক্রান্ত প্রস্তুতি গ্রহণে সহায়তা করা এবং পাবলিক স্পিকিং–এ সক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলাও ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।


অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. জান্নাত আরা পারভীন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে শুরুতে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের বিশেষত নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সময়োপযোগী স্কিল অর্জনের গুরুত্ব তুলে ধরেন। প্রভোস্ট ম্যাম শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর বক্তব্য প্রদান করেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বারোপ করেন।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসক (জনসংযোগ ও প্রকাশনা বিভাগ) অধ্যাপক ড. আখতার হোসাইন মজুমদার, বিজয় ২৪ হলের সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আকিকুল হক, অন্যান্য আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা, হল সংসদের ভিপি সানু আক্তার (নদী) ও অন্যান্য সদস্যবৃন্দ।


অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন হল সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আফিয়া ইবনাত ওয়াফা। সমগ্র আয়োজনের পরিকল্পনা, সমন্বয় ও তদারকিতে দায়িত্ব পালন করেন হল সংসদের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক আম্মাতুল বাসরী বৃষ্টি।


আনুষ্ঠানিক পর্ব শেষে শুরু হয় মূল কর্মশালা সেশন, যা পরিচালনা করেন সম্মানিত স্পিকার শাহরিয়ার হোসাইন সাগর। তাঁর পরিচালনায় সেশনটি অত্যন্ত ইন্টারঅ্যাকটিভ ও অংশগ্রহণমূলক হয়ে ওঠে।


সেশনে তিনি দক্ষ পাবলিক স্পিকার হওয়ার কৌশল, একটি মানসম্মত সিভি তৈরির উপায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউ মোকাবিলার বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে তাদের মধ্যে অফসেট পেপার ও কলম বিতরণ করা হয়।


কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং স্পিকার বাস্তব অভিজ্ঞতার আলোকে কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন।


কর্মশালায় প্রায় ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে সক্রিয় অংশগ্রহণের জন্য ৩৫ জনকে “ইন্টারঅ্যাকশন অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। কর্মশালার সমাপ্তিতে স্পিকার শাহরিয়ার হোসেন সাগরকে সম্মানসূচক ‘টোকেন অব অনার’ প্রদান করেন হল সংসদের ভিপি সানু আক্তার (নদী)। পরে সংক্ষিপ্ত ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর