ক্যাম্পাস

জাবিতে ১৩ মে থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী নাট্য পার্বণ

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাবিতে ১৩ মে থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী নাট্য পার্বণ - খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে “রক্তিম ধরা শুচি হোক সংস্কৃতির শুদ্ধতায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৩ থেকে ১৬ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনব্যাপী নাট্য পার্বণ ২০২৬।

‎মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে বিকাল সাড়ে ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাধ্যমে বিষয়টি জানান সংগঠনটির দপ্তর সম্পাদক প্রিয়াংকা কর্মকার।


এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, সহিংসতা, বিভাজন ও মানবিক বিপর্যয়ের নির্মম বাস্তবতার বিপরীতে সংস্কৃতির শক্তিকে মানবতার অন্যতম আশ্রয় হিসেবে তুলে ধরার প্রত্যয় থেকেই এবারের নাট্য পার্বণের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিল্প, নাটক ও সংস্কৃতির মাধ্যমে মানবিক চেতনা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। চারদিনব্যাপী এই আয়োজনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী, পুনর্মিলনী এবং চলচ্চিত্র প্রদর্শনী।

‎আয়োজকরা জানান, প্রতিদিন সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে নাট্য পার্বণের বিভিন্ন আয়োজন। ১৩ মে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এ আয়োজন। ১৪ মে মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক “বিধিবাম” এবং ১৫ মে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক “পাকে বিপাকে”। সমাপনী দিনে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী ও চলচ্চিত্র প্রদর্শনী। এদিন প্রদর্শিত হবে “সিটি অফ ডেথ”, যার চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মঈন উদ্দীন পাঠান।

‎এ আয়োজনে সকল সংস্কৃতিপ্রেমী দর্শক, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।


সম্পর্কিত খবর