ক্যাম্পাস

পাবিপ্রবিতে ৬ শিক্ষক পেলেন ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড

পাবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

পাবিপ্রবিতে ৬ শিক্ষক পেলেন ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড- খবরের থাম্বনেইল ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ থেকে ছয়জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়।


বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।


অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. এ. এইচ. এম. ইফতেখারুল ফেরদৌস, বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগের ড. মো. আতিকুর রহমান ও ড. মো. লোকমান আলী (যৌথভাবে), ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের ড. মাসুদ রানা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের বিকাশ চন্দ্র ঘোষ এবং জীবন ও ভূ-বিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ড. মো. রাহেদুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “এ ধরনের অ্যাওয়ার্ড শিক্ষকদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে আরও গতিশীল করবে। আপনাদের দায়িত্ব এখন আরও বেড়ে গেছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”


তিনি আরও বলেন, “আমরা যদি গবেষণায় ভালো কাজ করতে পারি, তাহলে এ খাতে আরও বাজেট আনতে পারবো। চলতি বছরে যতগুলো গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, আগামীতে তা আরও বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করি।”


বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহসান বলেন, “বিগত বছরগুলোতে গবেষণার জন্য মাত্র দুটি পেপারের তথ্য ইউজিসিতে গিয়েছে। বর্তমানে আমরা ৫০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে সক্ষম হয়েছি। আমি চাই এই ধারা অব্যাহত থাকুক এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়ুক।”


পাবিপ্রবি রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেলের পরিচালক ড. মো. লোকমান আলী জানান, সম্পূর্ণ নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শিক্ষকদের গবেষণার মান ও বিভিন্ন প্রকল্পে অবদানের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর