জাতীয়
ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টি, কমবে গরম

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে আজ (বৃহস্পতিবার) রাজধানীতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একইসঙ্গে সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা কম থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে।







