ক্যাম্পাস
স্ট্রোক করে না ফেরার দেশে ইবি শিক্ষার্থী সবুজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ মোল্লা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৩ মে) সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে স্ট্রোক করে তিনি মারা যান। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি বিভাগের পরীক্ষা শেষ করে সবুজ বাড়িতে যান এবং সেখানে দুই দিন অবস্থান করেন। এরপর হঠাৎ স্ট্রোক করলে তিনি মৃত্যুবরণ করেন।
আতিফা কাফি বলেন, “আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।”
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সবুজ মোল্লার গ্রামের বাড়ি খুলনা জেলায়। তবে তিনি আলমডাঙ্গা উপজেলার রামদিয়া এলাকায় অসুস্থ মাকে নিয়ে বসবাস করতেন। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের জীবিকা নির্বাহ করতেন।
তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

