জাতীয়
জাতীয় নাগরিক সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে রাজধানীতে ‘জাতীয় নাগরিক সম্মেলন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দুর্নীতিকে না বলি, ন্যায় ও সততার বাংলাদেশ গড়ি’।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি কনভেনশন হলে এ সম্মেলনের আয়োজন করে নাগরিক সংগঠন সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলাই এ আয়োজনের লক্ষ্য।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে আইনের শাসন, ন্যায়বিচার ও নাগরিক সচেতনতার বিকল্প নেই। দুর্নীতিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে নাগরিক সমাজকে আরও সক্রিয় হতে হবে।’
সভাপতির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, ‘সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি নাগরিক আন্দোলন। দুর্নীতির বিরুদ্ধে ‘না’ বলার সাহসই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি করতে পারে।’
অনুষ্ঠান পরিচালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ। তিনি বাংলাদেশের দুর্নীতির প্রেক্ষাপট, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং নাগরিক প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার ভাষ্য, নাগরিকরা সচেতন ও ঐক্যবদ্ধ হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।
সম্মেলনের শেষপর্বে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।








