জাতীয়

মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ জেলা পুলিশ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ জেলা পুলিশ- খবরের থাম্বনেইল ফটো

গত চার মাসে ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৩ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৮৫০ টাকা মূল্যের মাদক জব্দ করেছে জেলা পুলিশ। 


এতে দেশ সেরার স্বীকৃতি পাওয়ায় জেলা পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহায় গতি সঞ্চার হবে বলে আশা করছেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান।


জেলা পুলিশ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলার প্রতিটি থানা ও ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ধারাবাহিক কার্যক্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।


সূত্রটি আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট চার মাসে জেলা পুলিশ মাদকবিরোধী অভিযানে মোট ৪০৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৬৯৬ জনকে।


এর মধ্যে জানুয়ারি মাসে ১০৩টি মাদক মামলায় ১৫৬ জন, ফেব্রুয়ারিতে ৮৮টি মামলায় ১২৪ জন, মার্চে ১১৪টি মামলায় ২১৪ জন এবং এপ্রিলে ১০৩টি মামলায় ২০২ জনকে আসামি করা হয়েছে।


এতে উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে, ৭৯ হাজার ২২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬৬ দশমিক ৫ গ্রাম হেরোইন, ১৮৬ কেজি ২০১ গ্রাম গাঁজা, ৪০টি গাঁজা গাছ, ১৪ বোতল ফেনসিডিল, ২ হাজার ৯৭১ লিটার দেশীয় মদ, ৪০০ লিটার ওয়াশ, ৫২৪ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৭৫ অ্যাম্পুল ইনজেকশন এবং ৭১৮ পিস ট্যাপেন্টাডল। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৮৫০ টাকা।


এর আগে গত ১২ মে মাদক উদ্ধারে ময়মনসিংহ পুলিশ দেশ সেরা হওয়ায় পুলিশ সপ্তাহ-২০২৬ আয়োজিত এক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির জেলার এসপি মোহাম্মদ কামরুল হাসানের হাতে পুুরস্কার তুলে দেন।


জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আগামী দিনেও আমরা এই সাফল্য ধরে রাখতে চাই।


এ বিষয়ে জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, এই অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিষ্ঠা, সাহস ও কঠোর পরিশ্রমের ফল। আমরা মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে বদ্ধপরিকর। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


এদিকে মাদক উদ্ধারে ময়মনসিংহ পুলিশ দেশসেরা হওয়ায় এসপিকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাহমিনা, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (দক্ষিণ) মাহাবুবুল হক, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (উত্তর) সাজ্জাদ রহমানসহ পুলিশ সদস্যরা।


সম্পর্কিত খবর