ক্যাম্পাস
কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৪ মে) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতারা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার ও সাইদুল ইসলাম শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা।
কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল নিজ ক্যাম্পাস থেকে একজন ভিসি পাওয়া। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এর জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে। আমাদের প্রত্যাশা, তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, স্টেকহোল্ডারদের নিয়ে একটি উন্নতমানের বিশ্ববিদ্যালয় গঠনে কার্যকর ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন। আমরা আশা করি, তিনি সকল দল, মত, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের নিয়ে একটি সুন্দর ও সমন্বিত প্রশাসনিক পরিবেশ গড়ে তুলবেন।”




