জাতীয়
অজ্ঞান অবস্থায় চবি শিক্ষার্থী উদ্ধার

গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল সংলগ্ন পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে একই দিন সকাল ৯টার দিকে জানা যায়, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৬০তম আবর্তনের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী খোবাইবুল ইসলাম কয়েকদিন ধরে ব্যক্তিগত কিছু কারণে মানসিক চাপে ছিলেন। এর ফলে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার (১৫ মে) রাতের প্রথম ভাগে তিনি চা খেতে বাইরে যান। ফেরার পথে হঠাৎ তার রক্তচাপ বেড়ে গিয়ে তিনি অজ্ঞান হয়ে সড়কে পড়ে যান।
সহপাঠী তাসফিকুর রহমান জানান, ঘটনাস্থলের আশপাশে থাকা তার নিজ উপজেলা অ্যাসোসিয়েশনের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী তাকে শনাক্ত করেন। পরে তারা দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সহপাঠী ও বড় ভাইয়েরা তাকে সেখানে ভর্তি করান।
চিকিৎসকদের বরাতে সকাল ৯টায় সহপাঠীরা জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর বর্তমানে খোবাইবুলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে বিশ্রামে রাখা হয়েছে এবং বিকেল পর্যন্ত জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আককাছ আহমদ মুঠোফোনে বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। আমি শহরে থাকায় রাতে এ বিষয়ে জানতাম না। তবে শিক্ষার্থীর খোঁজখবর নিতে প্রক্টরিয়াল টিম দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।”








