ক্যাম্পাস

৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে প্রক্টরের পদত্যাগের দাবিতে ফের উত্তাল জাবি

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে প্রক্টরের পদত্যাগের দাবিতে ফের উত্তাল জাবি- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। আল্টিমেটামের সময় শেষ হওয়ার পর প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে নামেন একদল শিক্ষার্থী।


শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে নারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ছাত্রী হলসমূহ ঘুরে চৌরঙ্গী মোড় হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।


অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা “এক দুই তিন চার, প্রক্টর তুই গদি ছাড়”, “দড়ি ধরে মারো টান, প্রক্টর হবে খান খান”, “এক দুই তিন চার, লজ্জা থাকলে গদি ছাড়”—এ ধরনের স্লোগান দেন।


আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দর্শন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তাজনিন নাহার তাম্মি বলেন, “এই প্রক্টরের সময়ে যেসব ঘটনা ঘটেছে, তার কোনো সুষ্ঠু সমাধান আমরা পাইনি। এই ব্যর্থ প্রক্টরকে আমরা আর চাই না।”


ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন, “প্রক্টর পদত্যাগ না করা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা আমাদের অবস্থান ছাড়ব না। একই সঙ্গে আমাদের প্রথম দাবি—অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা—এটি বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।”


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আমি শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতার সঙ্গে একমত। তবে কোনো অপরাধের জন্য প্রক্টরকে অব্যাহতি দিতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আমি আমার বাসভবনের ফটকের সামনে দাঁড়িয়ে কাউকে অব্যাহতি দিতে পারি না।”


তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা আমাদের কিছুটা সময় দিক, যাতে আমরা কার গাফিলতি আছে তা নিরূপণ করতে পারি। আমি এক পক্ষের বক্তব্য শুনেছি এবং তা গ্রহণ করেছি। এখন অন্য পক্ষের বক্তব্যও শুনতে হবে। এ জন্য তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।”


উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) রাতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলনের ডাক দেন। দাবিগুলোর মধ্যে ছিল—৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার এবং ব্যর্থ হলে প্রক্টরিয়াল বডির পদত্যাগ। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে নামেন।


সম্পর্কিত খবর