জাতীয়
কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রীর

কুমিল্লাকে বিভাগে উন্নীত করার প্রতিশ্রুতি এবং জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তিনি জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। তবে দেশ পুনর্গঠন কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়; এজন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তারেক রহমান আরও বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে যে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল, তার ভিত্তিতেই মানুষ সরকারকে সমর্থন দিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইতোমধ্যে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, এবং ইমাম ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, “বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সরকারে এসে তা বাস্তবায়ন করে।”







