ক্যাম্পাস
জাবিতে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা, প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীর ওপর ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামীকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
শুক্রবার (১৬ মে) রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাত ২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি শনিবার সকাল ৯টা পর্যন্ত চলে। পরে সেখানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষার্থীরা জানান, গত ১৩ মে ছয় দফা দাবি উত্থাপন করে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হওয়ায় তারা প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে এবং ভুল ছবি প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাদের দাবি, বর্তমান প্রক্টরের দায়িত্বকালে একাধিক গুরুতর ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। তারা ঘোষণা দেন, প্রক্টরের পদত্যাগ, অভিযুক্তের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলতে দেওয়া হবে না।
অবস্থান কর্মসূচির একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাকবিতণ্ডা হয়। এ সময় এক শিক্ষার্থী উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে। পুলিশ তদন্ত করছে এবং কিছু অগ্রগতিও হয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হলে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষের বক্তব্য শুনে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নিতে হয়। তাৎক্ষণিকভাবে কাউকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই।”
ভুল ছবি প্রকাশের অভিযোগ সম্পর্কেও তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান উপাচার্য।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানানোর আহ্বান জানিয়েছেন।





